খুলনায় যুবদল নেতাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি

প্রকাশ:

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। আহত রামিম বিশ্বাস স্থানীয় ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান এবং বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আজ সকালে একটি ভ্যানে চড়ে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। পথিমধ্যে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে, একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে তিনি পিঠে জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। বর্তমানে পুরো এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন