দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে তিনি পৃথক বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনার বিষয়গুলো এগিয়ে নিতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।
বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে কঠিন সময় পার করছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে থাকা ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত সমস্যা এবং দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এলএনজি আমদানিতে কাতার বাংলাদেশের অন্যতম প্রধান সরবরাহকারী হওয়ায় বর্তমান সংকটে দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোকে ঢাকা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জ্বালানি খাতের পাশাপাশি আর্থিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। দেশে জ্বালানির চাহিদা ও আমদানি নির্ভরতা বাড়ায় নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে কাতারের মতো বিশ্বের প্রথম সারির জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। যৌথ ওয়ার্কিং গ্রুপটি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








