রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। শম্ভুপুরা গ্রামের কাছে শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের ধার এলাকার ১৫ সদস্যের ওই পরিবারটি একটি ফোর্স ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে দ্রুতগতির গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। নিহতদের মধ্যে দুই ভাই ও তাদের স্ত্রীরাও অন্তর্ভুক্ত ছিলেন।
পরিবারের এক সদস্য জানান, তারা মোট ৩৬ জন তিনটি ভিন্ন গাড়িতে করে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি অন্যগুলোর চেয়ে কিছুটা এগিয়ে ছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের এখন মূল লক্ষ্য। বর্তমানে নিহতদের ময়নাতদন্তের কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








