শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আইনি সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা গত ১৩ নভেম্বর এই সমন জারির নির্দেশনা প্রদান করেন। পন্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁকে খুঁজছে ভারতের তদন্তকারী সংস্থাগুলো।
এই আইনি নথিগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার সুবিধার্থে দিল্লির তিনটি জেলা আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে।
নিউ ইয়র্কের আদালতের ক্লার্কের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে সমনগুলো পাঠানো হয়েছে। বিচারক ফাইলা তার আদেশে হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির প্রাসঙ্গিক ধারাগুলো উল্লেখ করে স্থানীয় আদালতের সহায়তা প্রার্থনা করেছেন। এ ক্ষেত্রে হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে, বিচারাধীন দেওয়ানি মামলায় বিবাদীদের আইনি নোটিশ পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় আদালতগুলোর সহযোগিতা বিনীতভাবে কাম্য। আদালতের নথিতে বলা হয়, ইতিপূর্বে হেগ কনভেনশনের আওতায় ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর সাধারণ প্রক্রিয়া অনুসরণ করা হলেও সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। এর ফলে বিকল্প পদ্ধতিতে সমন জারির অনুমতি দেওয়া হয়েছে। পরে সেগুলো ভারতীয় আদালতের জারি করা সমনের মতোই কার্যকর করা সম্ভব।
নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী হিসেবে পরিচিত পন্নুন নিজের ওপর কথিত প্রাণনাশের চেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে এই মামলাটি করেছেন। তার অভিযোগ, ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে অজিত দোভাল তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। গত মাসেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানোর মাধ্যমে সমন জারির উদ্যোগ নেওয়া হয়েছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার বিষয়বস্তুকে শুরু থেকেই ‘মনগড়া ও বিদ্বেষপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেছে। গত ১০ নভেম্বর মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান যে, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা এমন ভিত্তিহীন অভিযোগ গ্রহণ করা হবে না। ভিত্তিহীন মামলাও আমরা গ্রহণ করছি না।’।
জয়সওয়াল আরও বলেন, ভারতে যেকোনো বিচারিক নথি পাঠানোর অনুরোধ অবশ্যই দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমেই আসতে হবে। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ই একমাত্র কর্তৃপক্ষ, যারা এ ধরনের আইনি নথি গ্রহণের জন্য নির্ধারিত। বিদ্যমান আইনি প্রক্রিয়া উপেক্ষা করায় ভারত এই মামলা ও সমন জারির প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান অনড় রেখেছে।
সূত্র: দৈনিক আমার দেশ








