দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় একটি থানার নাম পরিবর্তনের পাশাপাশি দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও পাস করা হয়েছে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার অধীনে নতুন ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। এটি কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় স্থাপিত হবে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে ভাগ করে নতুন মোকামতলা উপজেলার জন্য ‘মোকামতলা থানা’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বগুড়ার মোকামতলা এবং সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের প্রক্রিয়াও অনুমোদিত হয়েছে।
প্রশাসনিক জটিলতা নিরসনে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সাথে মিল রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত হয়ে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আলাদা হওয়া বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রামের বদলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
উল্লেখ্য, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের মূল প্রস্তাবগুলো উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ। সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর এই প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সূত্র: যুগান্তর








