রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল পৌনে ৫টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিতকরণ, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিপরীতে, আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন খন্দকার নাইম আহমেদ টিটন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা টিটন দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট মুক্তি পেয়ে হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস শুরু করেছিলেন।
তদন্ত সংশ্লিষ্টদের তথ্যমতে, নতুন ব্যবসা ও একটি গরুর হাটের ইজারা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাজাহান ও রনিসহ বেশ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ ছিল। মীমাংসার কথা বলে ডেকে নেওয়ার পর ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নব্বইয়ের দশকের শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্ত হন। ঢাকার ইন্দিরা রোডে বেড়ে ওঠা আসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় তার পৈতৃক নিবাস হলেও তিনি বেড়ে ওঠেন রাজধানীর ইন্দিরা রোডে।
সূত্র: দৈনিক আমার দেশ








