কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার বন্ধুসভা। শুক্রবার ১৩ নভেম্বর দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সমবেত হন। অনুষ্ঠানের শুরুতে বইমেলা সম্পাদক শরীফ হোসাইন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন। তারা কাতারে বন্ধুসভার ছয় বছরের কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও প্রবাস জীবনে মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় স্বাগত বক্তব্যে সংগঠনটিকে সামনে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন সদস্য হাবিব তাদের মূল্যায়ন ও অনুভূতির কথা প্রকাশ করেন। তারা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। সংগঠনটির অর্ধযুগে পদার্পণ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক ও সবার কাছে সহজলভ্য করতে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদের উপস্থিতিতে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। এই ওয়েবসাইট তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
সবশেষে সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কাতারে বন্ধুসভার এই জয়যাত্রা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে এবং জনকল্যাণমূলক কাজে তারা আরও গতিশীল ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটির সমাপ্তিতে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, যেখানে সকল সদস্যরা আনন্দে অংশ নেন এবং একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
সূত্র: গালফ বাংলা








