পরকীয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম বহিষ্কার

প্রকাশ:

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরকীয়ার অভিযোগে স্থানীয় জনতা তাকে প্রেমিকাসহ আটক করার পর এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাইফুল ইসলামের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, সাইফুলের কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দিবাগত রাতে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের আনোয়ার আলী মুন্সী বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামকে স্থানীয়রা পরকীয়া প্রেমিকাসহ আটক করে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের পাশে ভাড়া বাসায় বসবাসকারী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যুবদল এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করল।

শেয়ার করুন