ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরা কেবল ইরান বা ইসলামি প্রতিরোধের প্রতিপক্ষ নয়, বরং তারা পুরো মুসলিম উম্মাহরই অভিন্ন শত্রু। রোববার ‘ইউনিটি উইক’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বার্তায় তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা এই প্রকৃত শত্রুদের চিহ্নিত করে তাদের সব ধরনের ষড়যন্ত্র সম্মিলিতভাবে মোকাবিলা করেন।
খামেনি জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্বের বিদ্যমান সব সমস্যার কার্যকর সমাধান লুকিয়ে আছে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং অটুট ঐক্যের মধ্যে। তিনি উল্লেখ করেন যে, শত্রুপক্ষ মুসলিম দেশগুলোর মধ্যকার ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের সুযোগ নিচ্ছে। পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকে পুঁজি করে তারা মুসলিম উম্মাহর মধ্যে ফাটল সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
ইরানে মুসলিম ঐক্যের একটি সফল উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শত্রুদের বিভাজনমূলক ষড়যন্ত্র খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তবে মুসলিম উম্মাহকে দুর্বল করার জন্য এই ধরনের উসকানিমূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








