নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের একটি যৌথ দল তাদের আটক করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ১১২ নম্বর ডিউটি পোস্টের কাছে সাগরে একটি স্পিডবোটে রোহিঙ্গাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন দায়িত্বরত আনসার সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ৯ রোহিঙ্গাকে তাদের সাথে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে ধরা হয়।
এই যৌথ অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর সরাসরি নেতৃত্ব দেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পুনরায় ভাসানচরের নির্ধারিত আবাসন এলাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমন্বিত ও তৎপর ভূমিকার কারণেই রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার প্রচেষ্টাটি সফলভাবে নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সূত্র: Dainik Amader Shomoy



