যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মুসলিম প্রতিনিধির সংখ্যা বেড়ে আটজনে পৌঁছানোয় আনন্দ প্রকাশ করেছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। বিশেষ করে মিশিগান থেকে নতুন নির্বাচিত আবদুল আল-সাইয়েদকে অভিনন্দন জানিয়ে তিনি নিজের ফেসবুক পেজে বার্তা দিয়েছেন।
ইলহান ওমর তার পোস্টে লেখেন, ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’তে রূপ দিয়েছেন আবদুল আল-সাইয়েদ। কংগ্রেসে মুসলিম সদস্যের সংখ্যা আটজনে উন্নীত হওয়ার বিষয়টি তাকে গভীর কৃতজ্ঞতায় ভাসিয়েছে বলে জানান তিনি। মিনেসোটা অঙ্গরাজ্যের এই প্রতিনিধি মনে করেন, অতীতে তাদের বাধা দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে তারা এই পর্যায়ে পৌঁছাতে পারবেন না, তবে তারা সেই চ্যালেঞ্জ জয় করেছেন।
পোস্টের শেষ অংশে কৃতজ্ঞতাসূচক ‘আলহামদুলিল্লাহ’ উল্লেখ করে তিনি বর্তমান অর্জনের প্রশংসা করেন। উল্লেখ্য, ইলহান ওমর নিজেও বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মুসলিম সদস্য হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন।
সূত্র: দৈনিক আমার দেশ








