মহাকাশে প্রথম স্যাটেলাইট পাঠাল কিরগিজস্তান

প্রকাশ:

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান তাদের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করেছে। প্রথমবারের মতো নিজেদের একটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয়। রকেটটিতে আরও কয়েকটি মহাকাশযান ছিল, যার অংশ হিসেবেই কিরগিজস্তানের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। এই বিশেষ মুহূর্তে উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

কিরগিজস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ অর্থায়নে ও কারিগরি সহায়তায় এই প্রকল্পটি সফল হয়েছে। মহাকাশে স্যাটেলাইটটি পরিচালনার জন্য কিরগিজস্তানের রাজধানী বিশকেকে একটি নিজস্ব নিয়ন্ত্রণকেন্দ্র তৈরি করা হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা আরও আধুনিক ও গতিশীল হবে।

দেশটির সরকারি সূত্রে জানানো হয়েছে, স্যাটেলাইটের প্রাপ্ত তথ্যের মাধ্যমে হিমবাহ, বনভূমি, জলাশয় এবং চারণভূমির বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়া প্রাকৃতিক বাস্তুতন্ত্রে কোনো পরিবর্তন এলে তা দ্রুত চিহ্নিত করা যাবে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ, যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা এবং দূষণের উৎস শনাক্তকরণেও এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা রাখবে।

পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নত করতেও মহাকাশ থেকে পাওয়া এসব তথ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। কিরগিজস্তানের জন্য এই অর্জনকে স্যাটেলাইটনির্ভর প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পথে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশটি আগামীতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন