মেসির গোল ও অ্যাসিস্টেও জয়হীন ইন্টার মিয়ামি, ফিলাডেলফিয়ার সঙ্গে ড্র

প্রকাশ:

লিওনেল মেসির নৈপুণ্য সত্ত্বেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার দলটি। সুবারু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে উত্তেজনার পারদ চরমে পৌঁছালে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান এবং মিয়ামির ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের শুরুটা ভালো হয়নি মিয়ামির। ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে ২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে সমতায় ফেরে সফরকারীরা, যেখানে বড় অবদান ছিল মেসির। এর মাত্র পাঁচ মিনিট পরেই আর্জেন্টাইন মহাতারকা নিজে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে তিনি লক্ষ্যভেদ করেন। তবে ৫৮ মিনিটে নীল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া।

এই ম্যাচের বাড়তি আকর্ষণ ছিল ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের বড় ভাই কাভানের উপস্থিতি। উল্লেখ্য, তার ছোট ভাই রোনান ও ডেক্ল্যান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করেছেন। মেসির বিপক্ষে লড়াইয়ে কাভানের পারফরম্যান্স ছাপিয়ে শেষ মুহূর্তের লাল কার্ডটিই বড় আলোচনার জন্ম দিয়েছে।

চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন ১৩টি এবং অ্যাসিস্ট ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ছয় ম্যাচে ছয়টি গোল ও চারটি অ্যাসিস্ট রয়েছে তার। টানা তিন ম্যাচ হারের পর এই ড্রয়ের মাধ্যমে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ইন্টার মিয়ামি।

শেয়ার করুন