দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নিরসনে কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত প্রধান খাদ্য গুদামঘর বা সাইলো পরিদর্শনকালে তিনি জানিয়েছেন, চাহিদার তুলনায় বর্তমানে দেশে খাদ্যের মজুদ বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, আসন্ন পবিত্র রমজান মাসেও দেশে কোনো খাদ্য সংকট দেখা দেবে না, তাই এ বিষয়ে দুশ্চিন্তার কোনো অবকাশ নেই।
খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনগণের দোরগোড়ায় চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়াকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান মন্ত্রী। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ যেন নির্বিঘ্ন হয়, সে লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এছাড়া সুলভ মূল্যে পণ্য সরবরাহের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।
বর্তমান বাজারে পণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে আফরোজা খানম রিতা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি দেশের পণ্যের বাজারেও পড়েছে। তবে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সরকার নিয়মিত পণ্যের দাম নির্ধারণ ও তদারকি করছে।
এদিকে খাদ্য গুদামগুলোর কার্যকর ব্যবস্থাপনার ক্ষেত্রে জনবলের ঘাটতির কথা স্বীকার করেছেন মন্ত্রী। তিনি জানান, খাদ্য মজুদ ও সরবরাহ কার্যক্রম সচল রাখতে সাইলো ও গুদামগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেসব জনবল সংকট রয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য সরকারি পর্যায়ে কাজ চলছে। জনবল বাড়াতে পারলে খাদ্য ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








