শাবিপ্রবিতে চার নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরের জরুরি বৈঠক

প্রকাশ:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চার নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন রিপন ছাত্রাবাসে (মেস) এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী চার শিক্ষার্থী হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের নাসির উদ্দিন, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের গোলাম মোর্শেদ ও শাহাদাত হোসেন সাগর এবং বাংলা বিভাগের জিয়াউর রহমান। তাঁরা সবাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছয় শিক্ষার্থী হলেন বাংলা বিভাগের হাসান গোলজার রহমান (২০১৮-১৯ শিক্ষাবর্ষ), অর্থনীতি বিভাগের সোলাইমান কবির (২০২০-২১ শিক্ষাবর্ষ), শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সাব্বির রহমান (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং একই শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মারুফ হাসান ও আবু রায়হান। ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই একই মেসে থাকেন এবং নবীন শিক্ষার্থীরা গত জুন মাস থেকে সেখানে অবস্থান করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী নাসির উদ্দিন জানান, সোমবার রাতে আবু রায়হানের জন্মদিন উপলক্ষে কেক কাটার পর অভিযুক্তরা নবীনদের ভোর পর্যন্ত র‍্যাগ দেন। আরেক ভুক্তভোগী জিয়াউর রহমান জানান, মেসের বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনার একপর্যায়ে র‍্যাগিংয়ের ঘটনাটি ঘটে। তবে অভিযুক্ত সোলাইমান কবির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ওই রাতে মেসের নিয়মকানুন নিয়ে আলোচনা হচ্ছিল। সাব্বির তাঁর বিভাগের জুনিয়রদের সঙ্গে মজা করার সময় নাসিরকে কিছু বিষয় নিয়ে কথা বলেন এবং একপর্যায়ে রেগে যান, যা পরে মিটিয়ে ফেলা হয়েছিল বলে তিনি দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন