শাহজালালে কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক তিন যাত্রী

প্রকাশ:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। শুল্ক-কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) নজরদারি ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

অভিযানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এছাড়া তার কাছে থাকা বিভিন্ন কসমেটিকস, ওষুধ ও খাদ্যদ্রব্যসহ মোট ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য আটক করা হয়েছে। অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়। তার পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। সরকারি নিয়ম অনুযায়ী, ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দেওয়ার পর অবশিষ্ট পণ্য জব্দ করা হয়।

একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এক্ষেত্রেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করেছে সিআইআইডি। জব্দকৃত এসব পণ্যের মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। এনবিআর জানিয়েছে, সম্প্রতি এ ধরনের ছোট ছোট চালানের মাধ্যমে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। যদিও প্রতিটি চালানের পরিমাণ কম, তবে সম্মিলিতভাবে এগুলো বিশাল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা কঠোরভাবে মোকাবিলা করছে কর্তৃপক্ষ। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।

শেয়ার করুন