শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন, চাইছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রকাশ:

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা তিনি বাস্তবায়ন করুন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায়ভার গ্রহণ করে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। আইনের দীর্ঘ পথ নিজস্ব গতিতেই চলবে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় নিজেকে সঁপে দেবেন।

শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি বক্তব্য দিচ্ছেন, কিন্তু সেটি রেকর্ড করা অডিও এবং এআই ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই কথা বলুন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষকে হত্যা এবং জুলাই বিপ্লবের সময় প্রায় ১ হাজার ৪০০ জনকে গুলি করে হত্যার গুরুতর অভিযোগ রয়েছে।

যারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরব, তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এতসব ঘটনার পরও তিনি কি একবারও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বা নিজের অপরাধ স্বীকার করেছেন? এমন প্রশ্ন রেখে তিনি শেখ হাসিনার দায়বদ্ধতার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেন।

শেয়ার করুন