অধিকার নিশ্চিত না হলে বিপ্লব বারবার ফিরে আসবে: শফিকুর রহমান

প্রকাশ:

জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করা না হলে বারবার বিপ্লব ফিরে আসবে। যারা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হবেন, তাদের পরিণতি ৭ নভেম্বরের ইতিহাসের মতো হবে বলেও তিনি সতর্ক করেন।

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, বরং এটি একটি সমাজ বিধ্বংসী ভাইরাস বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদরা ৭ নভেম্বর থেকে প্রয়োজনীয় শিক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। নিজের জীবনের ৫৫ বছর এই দিবসের তাৎপর্য সম্পর্কে শুনে কাটিয়েছেন বলেও জানান তিনি। সমাজের সর্বক্ষেত্রে এই ভাইরাসের লক্ষণ এখন স্পষ্ট। কিন্তু এই দিবস থেকে রাজনীতিবিদদের যে শিক্ষা নেওয়া উচিত ছিল, বর্তমান বাস্তবতা বলে দিচ্ছে, রাজনীতিবিদরা সেই শিক্ষা নিতে পারেননি।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিপুল জনসমর্থন পাওয়ার পরও তিনি দ্রুত জাতির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেন। দেশে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও গণমাধ্যম থাকা সত্ত্বেও তিনি জনগণের কাছে জবাবদিহিতার ভয়ে নিজের নিরাপত্তার জন্য রক্ষীবাহিনী গঠন করেছিলেন।

তিনি দাবি করেন, রক্ষীবাহিনীকে ভারী অস্ত্র ও সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল, যার ফলে তারা কোনো জবাবদিহিতা ছাড়াই সাধারণ মানুষকে হত্যা করতে পারত। বিনা বিচারে এভাবে ৩৪ হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, যার মধ্যে অন্তত ১০ হাজার মুক্তিযোদ্ধা ছিলেন বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনীকে উপেক্ষা ও তুচ্ছতাচ্ছিল্য করে রক্ষীবাহিনীর হাতে সীমাহীন ক্ষমতা এবং ভারী অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। কোনো নারীকে ঘর থেকে তুলে আনলেও তাদের জবাবদিহি করতে হতো না।

শেয়ার করুন