কাতারের নিরাপত্তায় দায়িত্ব পালনে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

প্রকাশ:

কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য দেশটিতে যাত্রা করেছেন। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তিন বছর মেয়াদে তারা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) দায়িত্ব পালন করবেন। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।

এই মিশনের আওতায় নৌবাহিনীর সদস্যরা সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও উপকূলীয় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা। এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দেশ ও বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সকলকে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য যে, ২০১২ সাল থেকেই নিয়মিতভাবে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে বাংলাদেশ নৌবাহিনী তাদের সদস্য পাঠিয়ে আসছে। বিগত বছরগুলোতে তাদের দক্ষতা ও কর্মনিষ্ঠা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ প্রশংসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই মিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের নৌবাহিনীর পেশাদারিত্ব প্রদর্শনের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও এই সদস্যরা বিশেষ অবদান রাখবেন বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

শেয়ার করুন