সন্দ্বীপ থানায় ১২ এসআই মাদক ব্যবসায় জড়িত: যুবদল নেতার ভিডিও ভাইরাল

প্রকাশ:

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় কর্মরত উপপরিদর্শকদের (এসআই) বিরুদ্ধে সরাসরি মাদক ব্যবসায় জড়িত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। গত বুধবার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। কবি আব্দুল হাকিম মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। নিঝুম খানের বক্তব্যের ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে নিঝুম খান দাবি করেন, বর্তমানে থানা বিএনপির নেতা-কর্মীদের কথা শুনছে না এবং পুরো সন্দ্বীপ থানা মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সন্দ্বীপ থানার ১২ জন এসআই সরাসরি মাদক কারবারের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, ‘আজকে মঞ্চে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আমাদের দলের অনেক ভালো ছেলেপেলেও মাদকে জড়িয়ে পড়ছে। আমি যদি নিজে মাদক ব্যবসা করি বা সন্ত্রাস লালন করি, তবে মাদক নির্মূল করব কীভাবে?’

নিঝুম খানের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি তথ্যগত অমিলের দিকে ইঙ্গিত করে জানান, বর্তমানে সন্দ্বীপ থানায় আটজন এসআই কর্মরত আছেন, সেখানে ১২ জন এসআই থাকার তথ্য সঠিক নয়। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, নিঝুম খানের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোছাইন বলেন, নিঝুম একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি হয়তো মাদক নির্মূলে পুলিশের প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার বিষয়টিই বোঝাতে চেয়েছেন। পরবর্তীতে নিঝুম খান নিজেও স্বীকার করেন যে, থানায় ১২ জন এসআই হয়তো বর্তমানে নেই। তবে তিনি তার অবস্থানে অটল থেকে বলেন, ওসি ছাড়া থানার বাকিরা মাদক বিস্তারে জড়িত। সন্দ্বীপ বর্তমানে মাদকের করাল গ্রাসে পর্যুদস্ত এবং কেন এটি নির্মূল করা যাচ্ছে না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

শেয়ার করুন