সাগরে নিম্নচাপ: দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে। এই সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন