শরতের মনোরম বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীর শান্ত জলরাশি হঠাৎই উত্তাল হয়ে ওঠে বৈঠার ছন্দে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয় বাসিন্দাদের বিনোদনের উদ্দেশ্যে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত এই আয়োজন দেখতে নদীর দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
নদীর তীরবর্তী হাজিখালী গেট এলাকা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুপারিঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় আশাশুনি উপজেলার দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দলসহ মোট ছয়টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকা নদীর বুক চিরে এগিয়ে যাওয়ার সময় নদীর দুই পাড়ের দর্শনার্থীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিযোগিতা শেষে পয়েন্টের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলোকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে উৎসাহ উদ্দীপনা বাড়াতে অংশগ্রহণকারী সব দলকেই পুরস্কৃত করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহছান।
আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী উৎসব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মানুষকে আনন্দ দেওয়া ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা জুড়ে নৌকাবাইচের প্রতিটি মুহূর্ত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে, যা স্থানীয় পর্যায়ে বিনোদনের এক প্রাণবন্ত উৎস হয়ে উঠেছিল।
সূত্র: প্রথম আলো








