নিষেধাজ্ঞার মধ্যেই কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশ:

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি ও মো. আবু সাদ শাহ্‌কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক কার্যক্রম নিয়ে দ্বন্দ্ব

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০২৪-পরবর্তী প্রেক্ষাপটে কেবল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সামনে ছিল, অন্য সংগঠনের কার্যক্রমের ওপর তেমন নিষেধাজ্ঞা ছিল না। তিনি নিজে তৎকালীন একাডেমিক সভার অংশ ছিলেন দাবি করে বলেন, এই কমিটিতে কোনো সমস্যা নেই। সেখানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছিল।

প্রশাসনের অবস্থান ও রেজোল্যুশন

কলেজ প্রশাসন বলছে, কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ। ২০২৪ সালের ১৪ আগস্ট অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কলেজ সূত্র জানায়, ওইদিন দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ১২ দফা দাবি সংবলিত একটি চিঠি জমা দেন। এরপর কলেজ মিলনায়তনে ৯০ শতাংশের বেশি শিক্ষকের উপস্থিতিতে এক বিশেষ সভায় ছাত্ররাজনীতিসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও শিবিরের মতো সংগঠনগুলোর কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ করার সিদ্ধান্ত হয়। সে সময় বিষয়টি নিয়ে অনলাইনে সংবাদও প্রকাশিত হয়েছিল। বর্তমানে সেই রেজোল্যুশন এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছাত্রদের চাহিদার পরিপ্রেক্ষিতে কলেজসহ সব ছাত্রাবাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

অধ্যক্ষের বক্তব্য

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম আজ রোববার বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রেজোল্যুশন এখনো বহাল রয়েছে। কমিটি গঠিত হতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। ভবিষ্যতে যদি একাডেমিক সভায় ওই দিনের রেজোল্যুশন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়, তবেই তারা কার্যক্রম চালানোর সুযোগ পাবে। এর আগে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।’

শেয়ার করুন