সৌদিতে হামলার নিন্দা কাতারের, শিশুদের জন্য নতুন আইন

প্রকাশ:

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে দোহায় অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংস্কার বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার শুরুতেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। কাতার এই ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। রিয়াদের অখণ্ডতা রক্ষায় সৌদি আরবের যেকোনো পদক্ষেপের প্রতি কাতারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা কাতার তথা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত বলে পুনর্ব্যক্ত করেছে কাতারের মন্ত্রিসভা।

বৈঠকে সম্প্রতি শূরা কাউন্সিলে দেওয়া আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ভাষণকে সরকারি সব প্রতিষ্ঠানের কাজের মূল দিকনির্দেশনা হিসেবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের ২০২৫-২০৩০ মেয়াদী কৌশলের আলোকে শিশুদের অধিকার ও ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত নতুন খসড়া আইন অনুমোদন পেয়েছে। শিশুদের নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে এই খসড়াটি কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য জনমতের উদ্দেশ্যে উন্মুক্ত রাখা হবে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতারএনার্জির সমন্বয়ে তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি খসড়া নির্দেশিকাও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। পারমাণবিক বা তেজস্ক্রিয় পদার্থের পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মানদণ্ড বজায় রাখাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পাশাপাশি কাতার ও আর্মেনিয়ার মধ্যকার বিচারিক সহযোগিতা এবং কাতার ও বাহরাইনের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতের বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকও চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

শেয়ার করুন