সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মকর্তাদের অবশ্যই বিশেষ অনুমতি নিতে হবে। বুধবার প্রকাশিত এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস এই তথ্য জানায়। এতে বিমানবন্দরগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কার পাশাপাশি ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধসহ যেকোনো ধরনের ভ্রমণ বিঘ্নের বিষয়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার জন্যও নাগরিকদের তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিলসহ ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটতে পারে।
নিরাপত্তার খাতিরে মার্কিন সরকারি কর্মীদের জন্য ভ্রমণের নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটার এলাকার মধ্যে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তায়েফ শহরগুলোতে ভ্রমণ করতে হলে তাদের বাধ্যতামূলকভাবে বিশেষ অনুমতির বাধ্যবাধকতায় থাকতে হবে। অঞ্চলগুলোতে চলমান নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষিতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








