সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যেকোনো প্রয়োজনে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পাকিস্তান পূর্ণ প্রস্তুত রয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী এ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা জোটের কাঠামো অনুযায়ী রিয়াদকে প্রয়োজনীয় সব ধরণের সামরিক সহায়তা দিতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে পাকিস্তানের বেশ কিছু সেনাসদস্য সৌদি আরবে বিভিন্ন সামরিক দায়িত্ব, মহড়া ও প্রশিক্ষণে নিয়োজিত রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী স্পষ্ট করেন যে, প্রয়োজনে নতুন করে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ অব্যাহত রাখা হবে। তবে নিরাপত্তার খাতিরে মোট সেনাসংখ্যা, মোতায়েনের সুনির্দিষ্ট স্থান কিংবা অভিযানের কোনো কৌশলগত তথ্য জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলাগুলোর কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ধরনের আক্রমণ দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং তা আঞ্চলিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তুলছে। পবিত্র দুই মসজিদের সুরক্ষাকে পাকিস্তান সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেও তিনি জানান। গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশগ্রহণ করেন। ওই আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, যেখানে অংশগ্রহণকারীরা সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
চৌধুরী আরও ব্যাখ্যা করেন যে, সৌদি-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের কার্যক্রম সম্পূর্ণ আলাদা। দ্বিপক্ষীয় চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে, যেখানে ত্রিদেশীয় জোটের মাধ্যমে সম্মিলিত প্রতিরক্ষা ও সামরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি দাবি করেন যে, উভয় উদ্যোগই মূলত প্রতিরক্ষামূলক, যার পেছনে কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো উদ্দেশ্য নেই।
সূত্র: গালফ বাংলা








