হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন এবং সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
জাহাজটি ডুবে যাওয়ার পর সমুদ্রে আইফোন ও দামি পারফিউমের মতো মূল্যবান পণ্য ভাসতে দেখা যায়। এসব পণ্য কুড়াতে স্থানীয়রা ছোট নৌকা নিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়েন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে। যদিও ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডুবে যাওয়া জাহাজের আশপাশে সাগরে ছড়িয়ে থাকা পণ্য ছোট নৌকায় সংগ্রহ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
দুর্ঘটনার পর থেকে জাহাজটি ডুবে যাওয়া নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। সামুদ্রিক কর্তৃপক্ষের প্রাথমিক ভাষ্যমতে, কোনো ক্ষেপণাস্ত্র বা অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে তা ডুবে যায়। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, একটি নৌমাইনের বিস্ফোরণের কারণেই জাহাজটি তলিয়ে গেছে।
জাহাজটিতে দুবাই থেকে পরিবহন করা প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। তবে স্বস্তির খবর হলো, বড় ধরনের বিপর্যয় ঘটলেও জাহাজের ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে জাহাজটির ডুবির সুনির্দিষ্ট কারণ নিয়ে সংশ্লিষ্ট মহলে ধোঁয়াশা রয়ে গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জিএফএস প্রাইডে দুবাই থেকে পরিবহন করা প্রায় ২ হাজার ৫০০ কনটেইনার পণ্য ছিল বলে জানা গেছে।
সূত্র: গালফ বাংলা








