আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো রাজনৈতিক গায়েবি মামলা দায়েরের ঘটনা ঘটেনি। অতীতে পুলিশ বাদী হয়ে এসব মামলা করত, কিন্তু বর্তমানে নতুন করে পুলিশ বাদী হয়ে এ ধরনের কোনো মামলা করেনি। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, গায়েবি মামলা হওয়ার মতো কোনো প্রমাণ এই সময়ে পাওয়া যায়নি। তবে অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনের শাসন বজায় রাখা হবে এবং প্রকৃত অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত একটি সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, দেশজুড়ে অস্ত্র, মাদক ও সোনা চোরাচালান রোধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী জানান, এতে কোনো শর্ত বা দ্বিমত নেই এবং নির্ধারিত সনদ অনুযায়ীই সার্বিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিজের দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষের প্রতি তার বিশেষ টান রয়েছে, তাই জেলার দায়িত্ব পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। এ ছাড়া তিনি জেলার বিচারকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে বিচার বিভাগকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার দীর্ঘসূত্রতা বা জট কমানোর দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ। অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের মুহাদ্দিস রবিউল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সূত্র: দৈনিক আমার দেশ








