উত্তরাখণ্ডে ছয় আরোহীসহ হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

প্রকাশ:

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুরে বদরিনাথ থেকে উড্ডয়নের কিছু সময় পরই হাতি পর্বত এলাকার কাছাকাছি পৌঁছালে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তুষারপাতের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে সেনা সদস্য, এসডিআরএফ দল, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের সমন্বয়ে একটি যৌথ টিম গঠন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আহত কাউকে পাওয়া গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। জোশীমঠের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর বিশিষ্ট জানিয়েছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনিও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আমরা জোশীমঠের কাছে ছায়ী গ্রামের কাছের এলাকায় মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফের মাধ্যমে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। গত দশ বছরে রাজ্যটিতে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে পাঁচটি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি অ-প্রাণঘাতী বা জরুরি অবতরণ সংক্রান্ত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন প্রাণ হারিয়েছিলেন। এবারও প্রবল তুষারপাতের প্রতিকূল পরিস্থিতির মধ্যে আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বদরিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। কর্তৃপক্ষ বর্তমানে নিখোঁজ আরোহীদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান পরিচালনা করছে। এর মধ্যে আহত হওয়ার মতো জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ বা মাটিতে ঘটা নিরাপত্তা সম্পর্কিত প্রাণহানির ঘটনা অন্তর্ভুক্ত।

শেয়ার করুন