দোহায় কাতার অর্থ মন্ত্রণালয়ের সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিল রহমান ও কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে কাতার ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষই বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থায়ন সুবিধাসমূহ সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করেছেন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করেন।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এই অধিবেশন সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কার্যক্রম ও যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় নেতা নিজেদের অভিমত তুলে ধরেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল রহমান কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র: গালফ বাংলা








