ভারতের জাতীয় সংগীত ও গান নিয়ে চলমান বিতর্কের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বৃহস্পতিবার সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের বৈচিত্র্যময় ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনায় ‘বন্দে মাতরম’ গানটির কেবল প্রথম দুটি স্তবক গাওয়া বা পাঠ করাই যথেষ্ট। তার মতে, গানটির পরবর্তী স্তবকগুলোতে একাধিক হিন্দু দেবদেবীর নাম উল্লেখ থাকায়, যারা এক ও অদ্বিতীয় স্রষ্টায় বিশ্বাসী, তাদের জন্য এটি পাঠ করা অস্বস্তিকর ও কঠিন হতে পারে।
শর্মিলা ঠাকুরের ভাষ্যমতে, ভারতে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। যারা এক ঈশ্বরে বিশ্বাসী, তাদের কাছে ‘বন্দে কালী’ বা ‘বন্দে দুর্গা’র মতো শব্দ উচ্চারণ করা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক মনে হতে পারে। তাই দেশের সব নাগরিকের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে গানটির প্রথম দুই স্তবকই সবচেয়ে গ্রহণযোগ্য ও সংবেদনশীল উপায় বলে তিনি মনে করেন।
উল্লেখ্য যে, ‘বন্দে মাতরম’ গানটির পরিবেশন ও এর ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে ভারতে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিশেষ করে স্বাধীনতা দিবস উদযাপনের পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। কংগ্রেস দলীয় অনুষ্ঠানে গানটির প্রথম দুই স্তবক গাওয়ার পক্ষে অবস্থান নিলেও, বিজেপি নেতারা এ নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করে আসছেন। জি নিউজ ও সিটি এয়ার নিউজের তথ্য অনুযায়ী, শর্মিলা ঠাকুরের এই মন্তব্য জাতীয় গানটি নিয়ে চলমান রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: দৈনিক আমার দেশ








