গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল তুরস্ক, মিসর ও কাতার

প্রকাশ:

গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো স্পষ্ট করেছে যে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

মধ্যস্থতাকারী দেশগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই সামরিক তৎপরতা গাজা সংঘাত নিরসনে চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে যখন সংঘাত অবসানে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, তখন এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক হামলা সেই গঠনমূলক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। সংঘাতের বিস্তার রোধে এবং যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।

শেয়ার করুন