ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

প্রকাশ:

ওমান সরকার ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট প্রদান এবং বিদ্যমান পারমিট নবায়নের সুযোগ বন্ধ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের পক্ষ থেকে করা পারমিট নবায়নের বেশ কিছু আবেদন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর অতিক্রান্ত কোনো প্রবাসীকে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।

দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ প্রবাসীদের মধ্যে এই নতুন সিদ্ধান্তের ফলে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য যে, ২০২২ সালের জানুয়ারি মাসে ওমান সরকার ৬০ বছর বয়স পার হওয়ার পরও প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল দক্ষ কর্মীদের কর্মক্ষেত্রে ধরে রাখা। বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে ওমান সরকার কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি এখনো সচল রয়েছে, তবে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন