নেতানিয়াহুকে সমর্থনে অপারগতা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের

প্রকাশ:

ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের বিপরীতে দাঁড়ালেন। সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স স্পষ্ট করেন, তিনি কেবল যুক্তরাষ্ট্রের প্রার্থীদেরই সমর্থন দিয়ে থাকেন এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিকেই তার সমস্ত মনোযোগ নিবন্ধিত রয়েছে।

ইসরাইলি রাজনীতিতে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছেন না। তাকে সমর্থন বা বিরোধিতা কোনোটিই করার পক্ষপাতি নন বলে তিনি উল্লেখ করেন। তবে ইসরাইলি নির্বাচনে নিরপেক্ষতার কথা বললেও চলতি বছরের শুরুতে হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থী ভিক্টর অরবানকে সমর্থন দিতে বুদাপেস্ট সফর করেছিলেন তিনি। ওই নির্বাচনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী অরবান পরাজিত হন।

অন্যদিকে ভাইস প্রেসিডেন্টের অবস্থান মার্কিন ট্রাম্পের বিপরীত। চলতি মাসের শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে না জড়ানোর আভাস দিলেও শনিবার নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন জানান ট্রাম্প। সামাজিক মাধ্যমে একটি বার্তায় তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবেও অভিহিত করেছেন।

এ ছাড়া নির্বাচনের ঠিক কয়েক দিন আগে কোনো ঘোষণা ছাড়াই ইসরাইল সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, তিনি সোমবার সন্ধ্যায় নেতানিয়াহু এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন