পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে বিভিন্ন গ্রেডের ১ হাজার ৮৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য আগে দেওয়া ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাম্প্রতিক এক নির্দেশনায় জানানো হয়েছে, ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগের ছাড়পত্র এখন আগামী ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের পার-২ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, অধিদপ্তরের ২৫ জুন ২০২৬ তারিখের আবেদন এবং মন্ত্রণালয়ের ৪ জুন ২০২৫ তারিখের স্মারকের ধারাবাহিকতায় ২০১৯ সালে অনুমোদিত নিয়োগ ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ছাড়পত্রের আওতায় থাকা মোট ১ হাজার ৮৫৫টি পদের মধ্যে সদর দপ্তর পর্যায়ে ১৭ ক্যাটাগরির ১ হাজার ৬৬৭টি এবং জেলা পর্যায়ে ৪ ক্যাটাগরির ১৮৮টি পদ রয়েছে। সদর দপ্তরের উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পরিবার কল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফিজিওথেরাপিস্ট, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, জিনেম কিপার, টিকেট ক্লার্ক, ভেন্টিলেটর কাম মেকানিক, কিনো সুপারভাইজার, রেডিও কিপার ও কার্ডিওগ্রাফার।
বেতন স্কেলের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদটি ১১তম গ্রেডের (১২,৫০০-৩০,২৩০ টাকা), পরিবার কল্যাণ পরিদর্শিকা ১৪তম গ্রেডের (১০,২০০-২৪,৬৮০ টাকা) এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের (৯,৩০০-২২,৪৯০ টাকা) অন্তর্ভুক্ত। এছাড়া জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী এবং আয়া পদসহ মোট ১৮৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের সুযোগ রাখা হয়েছে। অধিদপ্তর পর্যায়ে অফিস সহায়ক (এমএলএসএস) ও কুক হেলপার পদগুলোও এই ছাড়পত্রের আওতায় রয়েছে, যার মধ্যে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি বিধিবিধান মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। তবে পদোন্নতি, বদলি, অবসর বা অন্য কোনো কারণে সৃষ্ট শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; শুধুমাত্র সরাসরি নিয়োগযোগ্য পদগুলোতেই জনবল নেওয়া যাবে। এছাড়া নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগকে অবহিত করতে হবে।
চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বর্ধিত মেয়াদের মধ্যে অর্থাৎ ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যেই নিয়োগের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। চাকরির আরও তথ্য: ওয়ালটন প্লাজায় ২০০ জনের চাকরি, আবেদন যেভাবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার। চাকরির আরও তথ্য: পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি।
সূত্র: প্রথম আলো







