আইন পেশায় সফল হতে শুধু বই পড়াই যথেষ্ট নয়: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

প্রকাশ:

একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে শুধু আইনের বই পড়লেই চলবে না, বরং মামলার প্রতিটি ধাপ, তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণের খুঁটিনাটি গভীরভাবে বুঝতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার আশুলিয়ার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এই ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট বা ধরাবাঁধা নিয়ম নেই। একজন সফল ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার প্রতিটি তথ্য ও তদন্তের প্রতিটি পর্যায় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। তদন্তের কোথায় ঘাটতি রয়েছে, সাক্ষ্য-প্রমাণের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না বা কোথায় ভুল হয়েছে—তা খুঁজে বের করার তীক্ষ্ণ দৃষ্টি একজন আইনজীবীর থাকা আবশ্যক।

তিনি আরও বলেন, একজন আইনজীবীর প্রধান শক্তি হলো তার মেধা, যুক্তি, জ্ঞান এবং পেশাগত দক্ষতা। শিক্ষার্থীদের কেবল একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত আদালতে গিয়ে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করার পরামর্শ দেন তিনি। এতে মামলা পরিচালনা, আইনি যুক্তি উপস্থাপন এবং সাক্ষী জেরার বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। আইন পেশাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই পেশার ঐতিহ্য রক্ষায় মেধাবী, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করা সময়ের দাবি।

মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ ও মানসম্পন্ন পেশাজীবী হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা সমাজে ভালো মানুষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। কর্মশালার শুরুতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট রুম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। সেখানে প্রিজাইডিং জাজ হিসেবে শিক্ষার্থীদের আইনি যুক্তি, সাক্ষী জেরা ও বিচারিক উপস্থাপনা পর্যবেক্ষণ করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি শিক্ষার্থীদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে মামলা পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী এবং এস. এম. তাসমিরুল ইসলাম।

শেয়ার করুন