ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬

প্রকাশ:

আজ মঙ্গলবার থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’। তারুণ্যের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পরিবেশসচেতনতাকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে আয়োজিত এই উৎসব আগামী শুক্রবার পর্যন্ত চলবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আউটরিচ টিমের আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং ইয়ুথ ফর আ গ্রিন আর্থ (ওয়াইজিই)। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক এসিআই মোটরস এবং ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে ডটকম।

আয়োজকেরা জানিয়েছেন, বিজ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবন, গণমাধ্যম ও পরিবেশগত প্রভাব—এই পাঁচটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে উৎসবটি সাজানো হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ১২টি ভিন্ন বিভাগে তারা অংশ নিতে পারছেন। ইতিমধ্যে প্রায় তিন হাজার শিক্ষার্থী এই উৎসবে নিবন্ধিত হয়েছেন এবং বিভিন্ন বিভাগে সাড়ে তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে। শিক্ষার্থীদের এমন ব্যাপক অংশগ্রহণ আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনের জন্য ‘এনভায়রনমেন্টাল প্রজেক্ট ডিসপ্লে’, ‘ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড’ এবং দলীয় সমস্যা সমাধানের চ্যালেঞ্জ ‘ইকো ডিকোড’। এ ছাড়া লেখালেখি ও গবেষণামূলক বিভাগের মধ্যে পরিবেশবিষয়ক প্রবন্ধ, ‘গ্রিন জার্নালিজম’ বা অনুসন্ধানী প্রতিবেদন, ‘ক্লাইমেট ওরেটরি’ বা বক্তৃতা প্রতিযোগিতা এবং ‘আ লেটার টু নেচার’ শীর্ষক চিঠি লেখার প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। সৃজনশীলতার বিকাশে এআই আর্ট, এনভায়রনমেন্টাল রিল, পোস্টার ডিজাইন, দেয়ালপত্রিকা প্রদর্শনী এবং নেচার অ্যান্ড ক্লাইমেট ফটোগ্রাফির মতো আকর্ষণীয় বিভাগও রাখা হয়েছে।

আয়োজনটি কেবল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ৫৩টি প্রতিষ্ঠানের ৮৮টি ক্লাবের সক্রিয় অংশগ্রহণে উৎসবটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ জন বিভাগীয় প্রতিনিধি এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন, যা ‘গ্রিন জেনেসিস ২০২৬’-কে একটি জাতীয় রূপ দিয়েছে।

শেয়ার করুন