ভারত থেকে ফেরত পাঠানো হলেই শেখ হাসিনাকে আটক করা হবে: শামা ওবায়েদ

প্রকাশ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে কোথায় অবস্থান করছেন বা কী বলছেন, তা নিয়ে সরকার বিচলিত নয়। স্বৈরাচারী শাসনের সাথে জড়িত অনেকে ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সাথে যোগাযোগ চলছে এবং বিষয়টি ভারতের বিচারিক প্রক্রিয়ার মধ্যেও রয়েছে।

মক্কা প্যাক্ট বা প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। যেকোনো নতুন ফোরামে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিষয়টি দেশের মানুষের উপকারে আসবে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং পুলিশ সুপার মো: ফজলে এলাহীসহ সরকারি কর্মকর্তারা।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

  • লোডশেডিং কমেছে: জাহেদ উর রহমান
  • রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা
  • ঢাকাসহ দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৮৫ দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়লেন নাজমুন নাহার
  • সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু
  • ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
  • আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত!
শেয়ার করুন