কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MOCI) দেশজুড়ে সরকারি ও বেসরকারি পার্কিং লট, শপিং মল এবং বাণিজ্যিক রাস্তার খোলা জায়গায় গাড়ি ধোয়ার কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত বাণিজ্যিক সেবার তদারকি বৃদ্ধি, অননুমোদিত ব্যক্তিদের অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং পাবলিক ও প্রাইভেট পার্কিং স্পেসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, উন্মুক্ত স্থানে গাড়ি ধোয়ার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে গাড়ি ধোয়ার সেবা কেবল লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোই প্রদান করতে পারবে। এই কার্যক্রম শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্র বা শপিং মলের নির্ধারিত ভূগর্ভস্থ পার্কিং লট বা বেসমেন্টেই সীমাবদ্ধ থাকবে। ভূগর্ভস্থ স্থানে সেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মল কর্তৃপক্ষের পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক এবং সেখানে পানি নিষ্কাশনের উপযুক্ত ও আধুনিক ব্যবস্থা থাকতে হবে।
লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর জন্য মন্ত্রণালয় বেশ কিছু জরুরি শর্ত বেঁধে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো, গাড়ি ধোয়ার কাজে আধুনিক ও পরিবেশবান্ধব সরঞ্জাম ব্যবহার করা এবং কাজের স্থান ও তার আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এছাড়া, কর্মীদের পেশাদারিত্ব বজায় রাখার স্বার্থে তাদের সবসময় কোম্পানির নাম ও কর্মীর নাম সম্বলিত পরিষ্কার ইউনিফর্ম পরিধান করতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, সেবা প্রদানকারী কর্মীদের গ্রাহকদের সাথে মার্জিত আচরণ করতে হবে। কোনোভাবেই গ্রাহকদের অনুসরণ করা বা তাদের বিরক্ত করা যাবে না। এই বিধিনিষেধের মূল উদ্দেশ্য হলো কাতারজুড়ে বাণিজ্যিক সেবার মান নিশ্চিত করা এবং যত্রতত্র গাড়ি ধোয়ার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও পরিবেশ দূষণ রোধ করা।
সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ সার্ভিস প্রোভাইডারদের আইনি জটিলতা এড়াতে এই সরকারি নির্দেশনা ও নিয়মাবলী যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। নিয়ম অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সূত্র: গালফ বাংলা



