সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আগাম প্রচার বা সম্প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দেবেন—এমন তথ্য আগেভাগে প্রচার বা প্রকাশ করা আদালতের নির্দেশনার লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। আদালত যে রায় দিয়েছে, তা মেনে চলা প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তব্য।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, তবে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন এবং ওই রায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। কিন্তু আদালতের বর্তমান নির্দেশনা বলবৎ থাকা অবস্থায় তা অমান্য করার সুযোগ নেই। সরকার কেবল আদালতের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করবে।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতে চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম।
কারণ আদালতের নির্দেশ আছে।
সরকারের কাজ হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত আছে সেটি এক্সিকিউটেড হচ্ছে কিনা সে ব্যাপারে ব্যবস্থা নেবে।
এর আগেরবারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি।
আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব- এই কাজ কেউ যেন না করেন।
সূত্র: মানবজমিন








