রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে। ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটের মতো দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নিয়েছেন।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন চার সাংবাদিক, যাদের মধ্যে আগামীর সময়ের জাহিদুল ইসলামের মাথায় আঘাত গুরুতর। আহত অন্য সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এনসিপির মিডিয়া সেল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার কেন্দ্রে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এনসিপি মনে করে, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত দলীয় ও রাষ্ট্রীয় আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে এনসিপি বলেছে, ছাত্র-জনতা দেশবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিহত করবে।
সূত্র: দৈনিক আমার দেশ








