আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বড় নাশকতার শঙ্কা

প্রকাশ:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, এই কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে দলটি। ইতিমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় নাশকতার ঘটনা রেকর্ড করা হয়েছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে দলটি দীর্ঘ সময় ধরেই অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণসহ বাস ও ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো এই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দলটির নেতাদের একটি অডিও ফাঁস হয়েছে, যেখানে অগ্নিসংযোগের নির্দেশনা দিতে শোনা গেছে। সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে। নিয়মিত বৈঠক করে মাঠ পর্যায়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন।

তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পাশাপাশি দুবাইয়ে অবস্থানরত দলটির একটি বড় অংশ সম্প্রতি ভারতের কলকাতায় সমবেত হয়েছেন। সেখান থেকেই মূলত বাংলাদেশে নাশকতার ইন্ধন দেওয়া হচ্ছে এবং চলতি মাসে বেশ কিছু নেতাকর্মী সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন। গোপালগঞ্জসহ যেসব এলাকায় নাশকতার ঘটনা ঘটেছে, তা দলীয় পরিকল্পনারই প্রতিফলন বলে অভিযোগ রয়েছে। নেতারা কলকাতায় বসে ডিসেম্বরের ছক কষছেন। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলোতে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা সংস্থা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারি অফিস, যানবাহন ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমনকি চোরাই পথে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দেশে আনার তথ্যও রয়েছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে, যা বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত।

এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তুরাগ থানা পুলিশ জানায়, মাস্ক পরা দুই ব্যক্তি স্টিলের ফটকে অগ্নিসংযোগের চেষ্টা করে। ফটকটি ধাতব হওয়ায় আগুন ছড়াতে পারেনি এবং দ্রুত নিভে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন