জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর সংসদ ভবনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এই সৃজনশীল কার্যক্রমটি সম্পন্ন হয়।

প্রতিযোগিতাটি দুটি ভিন্ন বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত ছিল। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলে। অনুষ্ঠানটি পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই কেবল একটি নির্দিষ্ট সময় নয়, এটি আমাদের জাতির চেতনা ও প্রেরণার এক অনন্য প্রতীক। শিশুদের আঁকা ছবিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাসের বার্তা পৌঁছে দেবে। তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের তুলিতে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তাদের নিজস্ব উপলব্ধি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন।

শেয়ার করুন