পিসিবির ছাড়পত্র না পাওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল

প্রকাশ:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি প্রদানে অস্বীকৃতি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) থেকে পাকিস্তান চ্যাম্পিয়নস তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। গত ৩ অক্টোবর আরব আমিরাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হয়। এর আগেই সমঝোতার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছিল। তবে চূড়ান্তভাবে ছাড়পত্র না মেলায় পাকিস্তান এখন টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেল।

ক্রিকইনফোকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ বাতিল হয়েছে। টুর্নামেন্ট আয়োজকেরা পাকিস্তানের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি বাতিল হওয়ার পর এটি স্পষ্ট হয়ে ওঠে যে, এই অচলাবস্থা নিরসনের আর কোনো সুযোগ নেই।

এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়নস দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল শহীদ আফ্রিদির। দলে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো নামিদামি প্রাক্তন ক্রিকেটারদের থাকার কথা ছিল।

এর আগে গত বছরই পিসিবি এই টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে অংশগ্রহণ না করার বিষয়ে সতর্ক করেছিল। বোর্ডের দাবি ছিল, এই টুর্নামেন্টে খেলার সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটানো হয়েছে। গত বছর ভারত সেমিফাইনালসহ দুটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যা পিসিবিকে ক্ষুব্ধ করেছিল। গ্রুপ পর্বের ম্যাচে ভারত না খেললেও তাদের পয়েন্ট দেওয়ায় পিসিবি তীব্র আপত্তি জানিয়ে সেটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিল। সেই বিতর্কের জেরেই এবার খেলোয়াড়দের এনওসি না দেওয়ার অবস্থানে অনড় ছিল পিসিবি।

শেয়ার করুন