প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত

প্রকাশ:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ জন মেধাবী শিক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সোমবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের স্বীকৃতি ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে ২০০৫ সাল থেকে ইউজিসি এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে আসছে। ২০০৫ সালে ইউজিসি এটি প্রবর্তন করে।

২০১৯ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের অনন্যা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের সুজানা দঙ্গল, ফিশারিজের ফারজানা খানম, গণিতের রিশাত হোসাইন, অর্থনীতির বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আফরোজা সুলতানা। এছাড়া ২০২০ সালের জন্য একমাত্র শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।

তালিকায় থাকা ২০২১ সালের স্বর্ণপদক বিজয়ীরা হলেন কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে এম তৌফিক হাসান, গণিতের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতির নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের আনিকা তাহসিন।

উল্লেখ্য যে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই তিন বছরে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় স্ব স্ব অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের প্রতি বছর এই সম্মানে ভূষিত করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা এই পদক পান।

শেয়ার করুন