গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের

প্রকাশ:

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ‘সক্রিয়’ সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। গাজা সফরকালে এক বিবৃতিতে তিনি দাবি করেন, হামাসকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে সক্ষম হয়েছে ইসরাইল এবং গাজার নিরাপত্তা পরিস্থিতির বাস্তবতাও বদলে দেওয়া হয়েছে। জামির আরও জানান, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধরনের হুমকি নির্মূল করতে অভিযান চালিয়ে যাওয়া হবে। বিশেষ করে নুখবা যোদ্ধাদের খুঁজে বের করা এবং ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা তাদের অন্যতম লক্ষ্য।

সেনাপ্রধানের এই বক্তব্যের কয়েক দিন আগেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বোর্ড অব পিসের গাজা প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। ওই আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসনিক দায়িত্ব বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এপি’র তথ্য অনুযায়ী, ম্লাদেনভ শান্তি চুক্তি বাস্তবায়নের সুবিধার্থে গাজায় সামরিক হামলা বন্ধের আহ্বানও জানিয়েছিলেন।

অন্যদিকে, হামাস ও ইসরাইলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় ফিলিস্তিনি নেতারা যে সিদ্ধান্তই গ্রহণ করবেন, তাতে তেহরানের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। গাজায় চলমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা এবং ইসরাইলের সামরিক অভিযানের অনড় অবস্থানের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

জামির বলেন, এর একটি স্পষ্ট উদাহরণ হলো নুখবা যোদ্ধাদের এবং ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করার অভিযান।

শেয়ার করুন