পেশোয়ারে বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের

প্রকাশ:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও একজন নারী শিক্ষিকা রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি।

হাসপাতালের তথ্য ও উদ্ধার অভিযান

দুর্ঘটনার পর লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন প্রথমে চারজনের মৃত্যুর তথ্য জানালেও পরে জানায়, সেখান থেকে ২৮ শিশুর মরদেহ আনা হয়েছে। এর পাশাপাশি আহত ২০ শিশুকেও উক্ত হাসপাতালে নেওয়া হয় এবং এক নারী শিক্ষিকার মৃতদেহও সেখানে পৌঁছায়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদও নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, ছাদ ধসে পড়ার পর একাধিক শিশু কাঠামোর নিচে আটকা পড়েছিল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়া শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে জোর উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর শোক ও নির্দেশনা

পেশোয়ারের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শেহবাজ শরিফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।

শেয়ার করুন