কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে প্রবাসী ব্যবসায়িক কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারই অংশ হিসেবে দেশটির শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে নতুন এক ওয়্যারহাউসের শুভ উদ্বোধন করা হয়েছে। এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এই ব্যবসা সম্প্রসারণ কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই ওয়্যারহাউস ভবিষ্যতে বাণিজ্যের পরিধি আরও বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।
ওয়্যারহাউসের উদ্বোধনী আয়োজনে উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য দেন কর্ণধার সিআইপি মাইন উদ্দিন সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল এবং আরিয়ান ভূঁইয়াসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে তাজা ফলমূল এবং সবজি আমদানি করে কাতারের স্বনামধন্য হাইপার মার্কেট ও সুপার মার্কেটগুলোতে সরাসরি সরবরাহ করে আসছে মাইন উদ্দিন সোহেলের প্রতিষ্ঠান। দূরদর্শী চিন্তা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তাঁর এই ব্যবসায়িক সফলতা কাতার প্রবাসীদের মাঝে বিশেষ অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি নির্বাচিত হন মাইন উদ্দিন সোহেল। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ অ্যাসোসিয়েশন অব ফেনীর নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সূত্র: গালফ বাংলা








