কাতারের সড়ক ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণঘাতী দুর্ঘটনা কমাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকদের কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনাগুলোর একটি বিশদ পর্যালোচনা চালিয়ে মন্ত্রণালয় এমন ৪টি ঝুঁকিপূর্ণ প্রবণতা চিহ্নিত করেছে, যা চালকদের অসাবধানতার কারণে ঘটে থাকে। এই অভ্যাসগুলো পরিবর্তন করলে রাস্তায় দুর্ঘটনা বহুগুণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে চিহ্নিত প্রধান ৪টি ঝুকিপূর্ণ আচরণের মধ্যে রয়েছে—হঠাৎ বা না ভেবে লেন পরিবর্তন করা, গাড়ি চালানোর সময় মনোযোগের বিচ্যুতি, সামনের গাড়ির সাথে পর্যাপ্ত দূরত্ব না রাখা এবং ট্রাফিক পরিস্থিতি না দেখে হুট করে মূল রাস্তায় প্রবেশ করা। বিশেষ করে, লেন পরিবর্তনের সময় পাশের লেনটি পুরোপুরি ফাঁকা কি না তা যাচাই না করেই দ্রুত লেন পরিবর্তন করাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত পাশের বা পেছনের গাড়িগুলোকে বিপদের মুখে ফেলে দেয়, যা প্রায়শই সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।
গাড়ি চালানোর সময় শতভাগ মনোযোগ ধরে রাখা ও সচেতন থাকার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। মনোযোগের সামান্য ঘাটতি বা অন্যমনস্কতা চালকের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে যেকোনো সময় গাড়ি নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা থাকে। পাশাপাশি সামনের গাড়ির খুব কাছাকাছি গাড়ি চালানোর অভ্যাসটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত নিরাপত্তা দূরত্ব বজায় না রাখলে সামনের গাড়িটি আচমকা ব্রেক করলে পেছনের চালক গাড়ি থামানোর মতো প্রয়োজনীয় সময় বা সুযোগ পান না, যা নিশ্চিতভাবেই সংঘর্ষের জন্ম দেয়। সংযোগ সড়ক থেকে মূল রাস্তায় প্রবেশের সময় তাড়াহুড়া করাও দুর্ঘটনার অন্যতম কারণ।
মন্ত্রণালয়ের এই বিশেষ সচেতনতা প্রচারণার লক্ষ্য হলো কাতারজুড়ে সড়ক দুর্ঘটনা হ্রাস করা এবং প্রবাসী ও নাগরিকদের জন্য চলাচলের রাস্তা নিরাপদ রাখা। ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো কেবল চালককে ব্যক্তিগতভাবে সুরক্ষিত রাখে না, বরং এটি পুরো দেশের সামগ্রিক সড়ক ব্যবস্থাকে অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল করে তোলে। তাই রাস্তায় গাড়ি চালানোর সময় চালকদের সর্বোচ্চ ধৈর্য ও সচেতনতা প্রদর্শনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: গালফ বাংলা








