কুমিল্লায় বিএসএফের হাতে দুই পুলিশ আটক, ফেরানোর প্রক্রিয়া চলমান

প্রকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। গত ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে আটককৃতদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঘটনার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশাযোগে টহল ডিউটি পালন করছিল। ওই সময় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের লক্ষ্যে তারা ওই এলাকায় যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে ওই কনস্টেবল সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের কবলে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে এগিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা উভয়কেই হেফাজতে নেয়। ওসি ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধরার প্রচেষ্টাকালে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত পুলিশ সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুরো বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন